রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধা ও দমন-পীড়নের প্রতিবাদে এবং চার দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে শিক্ষকরা সেখানে নতুন করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। তারা জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
রাজধানীর বিভিন্ন এমপিওভুক্ত স্কুল-কলেজ ঘুরে দেখা গেছে—শিক্ষকরা সকাল থেকে উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত রয়েছেন। তাদের দাবি, “দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত” এই কর্মসূচি অব্যাহত থাকবে।
তবে কিছু প্রতিষ্ঠানে পাঠদান স্বাভাবিকভাবে চলছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা জানিয়েছেন, তারা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, কিন্তু শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করে ক্লাস চালু রেখেছেন।
এর আগে রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে সরে গিয়ে সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার “অপর্যাপ্ত ও অবাস্তব”।
তাদের মূল চার দফা দাবি হলো—
– মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি,
– মূল বেতনের ২০ শতাংশ হারে চিকিৎসা ভাতা বৃদ্ধি,
-সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন,
-পুলিশি বাধা ও দমননীতি বন্ধ করা।
শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না নেয়, তবে তারা দেশব্যাপী আন্দোলন আরও বিস্তৃত করবেন।