বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দল স্বাক্ষর করলেন ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এ।
বহুল আলোচিত এই সনদ অনুযায়ী, দেশে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এ লক্ষ্যে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে সনদে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ অনুষ্ঠানকে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনের একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি দায়িত্ব পালন না করার সিদ্ধান্তে বিএনপি, জামায়াতসহ মোট ৩৩টি রাজনৈতিক দল একমত পোষণ করেছে।
তবে রাজনৈতিক ও নীতিগত মতভেদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে স্বাক্ষর করেনি।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জনগণের ত্যাগ ও রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ‘জুলাই জাতীয় সনদ’ প্রণীত হয়েছে। সনদটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, জুলাই জাতীয় সনদ-২০২৫ বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার নতুন যুগের সূচনা করবে। সংবিধান সংশোধনের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রত্যাশা প্রকাশ করেছেন তারা।