কৃষকদের স্বার্থ রক্ষায় এবং কৃষি খাতের সরকারি সহায়তায় কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। যেসব প্রতিষ্ঠান কৃষকদের সেবা ও সরবরাহ প্রদানে বারবার ব্যর্থ হচ্ছে, তাদের চুক্তি অবিলম্বে বাতিল করে নতুন প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মালয়েশিয়ার সেরডাংয়ে এক বক্তব্যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট জানান, সরকারি কোনো কৃষি সহায়তা কর্মসূচি চুক্তিভুক্ত সরবরাহকারী বা সেবাদানকারী প্রতিষ্ঠানের অবহেলা কিংবা ব্যর্থতার কারণে বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না।
কৃষক ও ধান চাষিদের সুরক্ষায় জোর দিয়ে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান যদি বারবার একই ভুল করতে থাকে, তবে তাদের চুক্তি বাতিল করাই একমাত্র সমাধান। কোনো অবস্থাতেই কৃষকদের এই ধরনের ব্যর্থতার বলি হতে দেওয়া যাবে না।
প্রধানমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বপ্রাপ্ত কোম্পানিগুলোর কার্যক্রম চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। তারা সঠিকভাবে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছে কি না তা পর্যালোচনা করে, ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।