ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এ সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাবেশকে কেন্দ্র করে সকালে জাতীয় সংসদ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। একই সময়ে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।
গাছের চারা রোপণের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরবর্তী কর্মসূচি শুরু হয়।
চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ চিকিৎসক সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে চিকিৎসক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।