কুয়ালালামপুর, ১৩ সেপ্টেম্বর : মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ স্মরণ করিয়ে দিয়েছে যে, MyPR কার্ডধারীরা যদি সাবাহ বা সারাওয়াকে ভ্রমণ, কাজ বা আত্মীয়-স্বজনদের দেখতে যেতে চান, তবে অবশ্যই তাদের আসল পাসপোর্ট বা বৈধ ভ্রমণ নথি সঙ্গে রাখতে হবে।
MyPR কার্ড, যা সাধারণত লাল পরিচয়পত্র নামে পরিচিত, এটি জাতীয় নিবন্ধন বিভাগ (JPN) কর্তৃক স্থায়ী বাসিন্দা (Permanent Resident – PR) মর্যাদা প্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য প্রদান করা হয়। তবে এই কার্ড কেবল পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়, ভ্রমণ নথি হিসেবে নয়।
ইমিগ্রেশন বিভাগ সতর্ক করে জানিয়েছে, বৈধ পাসপোর্ট প্রদর্শন করতে ব্যর্থ হলে সাবাহ বা সারাওয়াকে প্রবেশের অনুমতি নাও দেওয়া হতে পারে কিংবা ভ্রমণকারীদেরকে ফেরত পাঠানো হতে পারে।
“MyPR কেবল পরিচয়পত্র, এটি পাসপোর্টের বিকল্প নয়। ভ্রমণের আগে সঠিকভাবে পরিকল্পনা করুন, পাসপোর্ট সঙ্গে রাখুন এবং অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলুন,” কর্তৃপক্ষ জানিয়েছে।
এছাড়াও, যেসব MyPR কার্ডধারীর কোনো নাগরিকত্ব নেই (stateless), তাদের অবশ্যই পাসপোর্টের পরিবর্তে সার্টিফিকেট অব আইডেন্টিটি (Surat Akuan Pengenalan – SAP) উপস্থাপন করতে হবে।
ইমিগ্রেশন বিভাগ জোর দিয়ে বলেছে, সচেতন ভ্রমণ পরিকল্পনা করলে জটিলতা এড়ানো সম্ভব এবং সাবাহ-সারাওয়াকে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা যাবে।