জোহর বারুতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম।
আজ জোহর বারুর ইস্তানা পাসির পেলাঙ্গি পোলো গ্রাউন্ডসের প্যাভিলিয়ন–২-এ এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার রাজপ্রাসাদ সূত্রে জানা গেছে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় এ সময় আলোচনায় উঠে আসে।
সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সাক্ষাতের তথ্য জানানো হয়। তবে বৈঠকে কী কী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সাক্ষাৎকালে সিঙ্গাপুরের মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার ভানু গোপালা মেনন এবং জোহর বারুতে দেশটির কনসাল জেনারেল এনজি কুয়ান হাই উপস্থিত ছিলেন।
মালয়েশিয়া ও সিঙ্গাপুর দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ প্রতিবেশী ও অর্থনৈতিক অংশীদার হিসেবে কাজ করছে। দুই দেশের উচ্চপর্যায়ের এই সাক্ষাৎকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।