ভিয়েনা, ৫ সেপ্টেম্বর : অস্ট্রিয়ান অর্থনীতিবিদ ও কূটনীতিক গুনথার ফেলিঙ্গার ভারতকে ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে একাধিক দেশে বিভক্ত করার প্রস্তাব দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন।
ন্যাটো সম্প্রসারণ কমিটির চেয়ারম্যান ফেলিঙ্গার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি মানচিত্র প্রকাশ করে এই পরিকল্পনার নাম দিয়েছেন “এক্স ইন্ডিয়া”।
তার পোস্টে ফেলিঙ্গার লেখেন, ভারতের জনগণকে “রাশিয়াপন্থী স্বৈরশাসক নরেন্দ্র মোদির শাসন থেকে মুক্ত করতে হবে” এবং এর জন্য “মুক্ত খালিস্তান”-এর মতো নতুন রাষ্ট্র গঠন করা প্রয়োজন।
তিনি আরও দাবি করেন যে, এই বিষয়ে শিখ নেতাদের সঙ্গে ইতোমধ্যেই তার আলোচনা হয়েছে।
ফেলিঙ্গারের এই বক্তব্য অনলাইনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে একে ভারতের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টা হিসেবে সমালোচনা করছেন।