মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দেশের জ্বালানি রূপান্তর কর্মসূচি আরও সুসংগঠিত ও কার্যকরভাবে বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে তিনি আজ জাতীয় জ্বালানি পরিষদের (ন্যাশনাল এনার্জি কাউন্সিল) ২০২৬ সালের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে জানানো হয়, গত বছরের ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ার মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৩১ শতাংশ এসেছে নবায়নযোগ্য জ্বালানি থেকে। কয়লার ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে এ অগ্রগতি অর্জিত হয়েছে। পাশাপাশি করপোরেট রিনিউএবল এনার্জি সাপ্লাই স্কিম এর সঙ্গে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম যুক্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ আরও শক্তিশালী হবে বলে জানানো হয়েছে।
পরিবহন খাতে পরিবেশবান্ধব বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো হচ্ছে। এ উদ্যোগকে আরও এগিয়ে নিতে জোহরের পেঙ্গেরাংয়ে পেট্রোনাসের একটি বায়োফুয়েল হাব গড়ে তোলা হবে।
এদিকে, গণপরিবহনের বিদ্যুতায়ন প্রকল্পও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। এর আওতায় ২৫০টি বৈদ্যুতিক বাস চালু করা এবং ৮০০ কিলোমিটার রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। সারাওয়াকে অটোনোমাস র্যাপিড ট্রানজিট এর জন্য হাইড্রোজেন হাবের প্রথম ধাপের নির্মাণকাজ চলতি বছরের শেষ নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।
বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও জ্বালানি সরবরাহ সংকটের প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় পেট্রোলিয়াম মজুত ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা ও কৌশল পর্যালোচনা করবে মালয়েশিয়া সরকার বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, ভবিষ্যতের সম্ভাব্য সংকট মোকাবিলায় দেশের জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি।