ভারতের পশ্চিম উপকূলে ইসরায়েলি একটি জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে শনিবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। লোহিত সাগরে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে হামলার পর এই প্রথম ভারত মহাসাগরেও হামলার ঘটনা ঘটল। খবর রয়টার্সের
ভারতের ভারাভাল শহর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে থাকা ওই জাহাজে হামলার ঘটনা ঘটে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায়। তবে এতে কোনো ক্রু আহত হয়নি। জাহাজটির অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
অ্যামব্রে জানিয়েছে, ইসরায়েলি সংশ্লিষ্টতা থাকায় এর আগেও বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে। তবে ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে কে হামলা চালিয়ে সে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
ভারতীয় নৌবাহিনী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, শনিবার সকালে তারা জাহাজটিকে সহায়তার জন্য সাড়া দিয়েছে। এর বেশি কিছু ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়নি।
ভারতীয় নিউজ এজেন্সি এএনআই জানিয়েছে, সৌদি আরব থেকে এমভি চিম প্লাটু নামের বাণিজ্যিক জাহাজটি ক্রুড অয়েল নিয়ে যাচ্ছিল। ওই জাহাজটিতে প্রায় ২০ জন ভারতীয় ছিল।
এদিকে গাজায় হামলার পর লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে ইরান সমর্থিত হুতিরা। একের পর এক হামলার পর বাণিজ্যিক জাহাজ কোম্পানি রুট পরিবর্তন করতে বাধ্য হয়। কিন্তু এতেও নতুন করে সমস্যা দেখা দিয়েছে।