বেইরুত: দক্ষিণ লেবাননের সাইদা শহরে ইসরাইলি বিমান হামলায় ইরানের আরবি ভাষার সংবাদমাধ্যম আল-আলম টিভি-এর সাবেক সংবাদদাতা হুসসাম জাইদানসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকও রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে সাইদা শহরের কিয়াআ এলাকায় একটি আবাসিক ভবনে এ হামলা চালায় ইসরাইলি বাহিনী।
সাংবাদিক হুসেইন ইজ্জেদ্দিন জানান, হামলায় হুসসাম জাইদান ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া দক্ষিণ লেবাননের কালিলা এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে সাইদায় আশ্রয় নেওয়া আরও তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারান।
প্রতিবেদনে বলা হয়, সীমান্তবর্তী এলাকায় ধারাবাহিক ইসরাইলি হামলা থেকে বাঁচতে তারা সাইদায় আশ্রয় নিয়েছিলেন, কারণ শহরটিকে তুলনামূলক নিরাপদ মনে করা হচ্ছিল।
ইজ্জেদ্দিন বলেন, “এই হামলার সব দিক নথিভুক্ত করার চেষ্টা চলছে, যাতে আবাসিক ভবনের ওপর চালানো আগ্রাসনের বাস্তব চিত্র তুলে ধরা যায়।”
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় অন্তত চারজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় জাইদানের ছেলেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
হুসসাম জাইদান ২০০৯ সাল থেকে আল-আলম টিভি-এর সিরিয়া ব্যুরোতে সংবাদদাতা হিসেবে কাজ করেন। ২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন পর্যন্ত তিনি সিরিয়ার বিভিন্ন যুদ্ধক্ষেত্র থেকে সংবাদ সংগ্রহ করেন।
সিরিয়ার দেইর আল-জাওর, হামা ও আলেপ্পোসহ বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনী ও বিদেশি সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ তিনি সরাসরি কভার করেছিলেন।
আসাদ সরকারের পতনের পর জাইদান তেহরান আল-আলম টিভির প্রধান কার্যালয়ে সংবাদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ হামলার বিষয়ে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।