জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছিলেন এমন অভিযোগে সমালোচিত কর্মকর্তাদের বহাল রেখেই মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের একাংশের মধ্যে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
দিবসটি উপলক্ষে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি জাতীয় ঐক্য, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। আলোচনায় অংশ নেওয়া বক্তারাও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ স্মরণ করে জাতীয় স্বার্থে ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে জুলাই গণঅভ্যুত্থানের সব শহিদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
তবে দিবসটি উদ্যাপনের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার অভিযোগে সমালোচিত কয়েকজন কর্মকর্তাকে হাইকমিশনে বহাল রাখা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ প্রশ্ন তুলেছে। তাঁদের মতে, জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে স্পষ্ট অবস্থান ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।