মালয়েশিয়ায় বিদেশি কর্মী পাঠানো দেশগুলোর জন্য সম্প্রতি ঘোষিত ১০টি নতুন শর্ত নিয়ে নেপাল স্পষ্ট আপত্তি জানিয়েছে। কাঠমাণ্ডু জানায়, এসব শর্ত তাদের বর্তমান আইন ও নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক, তাই নেপাল সরকার তা গ্রহণ করতে পারবে না।
নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা মন্ত্রণালয় মালয়েশিয়া সরকারের কাছে একটি কূটনৈতিক নোট পাঠিয়ে জানিয়েছে, নতুন শর্ত কার্যকর করতে হলে দেশের অভ্যন্তরীণ আইন সংশোধন করতে হবে, যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়।
গত ২৭ অক্টোবর মালয়েশিয়া সরকার বিদেশি শ্রম সরবরাহকারী দেশগুলোর দূতাবাসকে একটি চিঠি পাঠায়। সেখানে ১৫ নভেম্বরের মধ্যে নতুন শর্ত মানতে সক্ষম এমন এজেন্সির তালিকা জমা দিতে বলা হয়।
নেপালের বিদেশি কর্মী নিয়োগ সংস্থাগুলোর সংগঠনগুলো এই শর্তগুলোকে “অবাস্তব ও অন্যায্য” বলে সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এতে শ্রম বাজারে নতুন করে একটি সিন্ডিকেটের সৃষ্টি হতে পারে।
অন্যদিকে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বলেছে, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে।
নেপাল সরকার জানিয়েছে, তারা শিগগিরই মালয়েশিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবে, যাতে নেপালি শ্রমিকদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।