জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন হবে বলে জানিয়েছে সরকার। এ পর্যন্ত সারাদেশে এমন ৮৩৭টি হত্যা মামলা রেকর্ড হয়েছে, যার মধ্যে ৪৫টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো ব্যতীত বাকি সব মামলার বিচার দ্রুত শেষ করার লক্ষ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০০-এর ১০ ধারার অধীনে পরিচালিত হবে। ইতোমধ্যে ১৯টি মামলায় পুলিশ চার্জশিট দাখিল করেছে।
এছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের মামলাগুলোর প্রসিকিউশন কার্যক্রমকে গতিশীল ও স্বচ্ছ করার জন্য আইন মন্ত্রণালয় একটি বিশেষ কমিটি গঠন করেছে।
এই কমিটির নেতৃত্বে থাকবেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব, যিনি মামলাগুলোর পূর্ণাঙ্গ তালিকা তৈরি, চার্জশিটযুক্ত মামলার অগ্রগতি মূল্যায়ন, প্রতিবন্ধকতা শনাক্তকরণ এবং সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রেরণ করবেন।
ড. আসিফ নজরুলের ভাষায়, “ন্যায়বিচার নিশ্চিত করতে এবং জুলাই গণঅভ্যুত্থানকালীন নৃশংসতার দায়ীদের বিচারের মুখোমুখি আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”