এবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী কোনও আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৮ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিং এ কথা বলেন তিনি। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কৃচ্ছতা সাধন এবং সম্ভাব্য জ্বালানি সংকট এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। আর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের যাতায়াত সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নিয়ে সভায় আলোচনা হয়েছে।
তিনি বলেন, এসব দিবস পালনের নির্ধারিত নিয়ম রয়েছে। আন্তরিকতার সঙ্গে সেই নিয়মগুলো প্রতিপালনের নির্দেশনা দেয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা বিশেষ করে মনোযোগ দিয়েছি ঈদের আগে ঈদযাত্রার সময় যাতে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি না হয়। আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজারস নিয়েছি। আমরা একটা ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি। যেমন— ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে যে এডিশনাল আইজিপি আছেন, তিনি ফোকাল পয়েন্ট হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কো-অর্ডিনেট করবেন অন্যান্য ইউনিট, বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ নেতাদের সঙ্গে, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে।
মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মব এক জিনিস আর কিছু কিছু ক্রাইম, স্পট ক্রাইম এক জিনিস। সবগুলোর সঙ্গে তো মব গুলিয়ে ফেললে হবে না। আমরা দেখলাম নরসিংদীতে একটা মেয়েকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। পরে তদন্তে দেখা গেল তার সঙ্গে তার নিজের সৎ বাবা জড়িত। কিন্তু প্রাথমিকভাবে আমরা যারা ধর্ষণের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি এবং ৪৮ ঘণ্টার ভেতরে সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কাস্টডিতে আছে এবং অনেকে স্বীকারোক্তি দিয়েছে। এইভাবে আরও দুই-একটা ঘটনার কথা আমরা জানি- চট্টগ্রামের ঘটনার কথাও জানি। আমরা অ্যাড্রেস করছি সব বিষয়গুলোকে। মবের সঙ্গে তুলনা করলে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। তবে আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে।’
ঈদের আগে বেতন-ভাতা নিয়ে গার্মেন্টস শ্রমিকদের এক ধরনের আন্দোলন আমরা দেখে থাকি। আপনাদের দিক থেকে বেতন-ভাতা পরিশোধের কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কি না, প্রশ্নে তিনি বলেন, ‘না, রমজানের আগে- মানে ঈদের আগে— আমরা গার্মেন্টস অ্যাসোসিয়েশন, বিজিএমইএ নেতা, বিটিএমইএ, বিকেএমইএ তাদের সবার সঙ্গে কথা হয়েছে। তারাও খুব আন্তরিক। উইথ এ ফিউ এক্সেপশন সব ক্ষেত্রে তারা আশা করছেন যে সবকিছুই তারা ঈদের আগে— বেতন, ভাতা, বোনাস ইত্যাদি পরিশোধ করতে পারবেন। সরকারের সহযোগিতা থাকবে, ব্যাংকিং সেক্টরের সহযোগিতা থাকবে। তারপরও যদি দুই-একটা গার্মেন্টসে সেরকম সমস্যা থাকে, আমরা বলেছি আগে থেকেই আপনারা সেগুলো অ্যাড্রেস করবেন।’