শাহ আলম, ৯ অক্টোবর: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে এক ৭৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত নারী প্রায় ৬০ লাখ রিঙ্গিত হারিয়েছেন এক সুচতুর ফোন প্রতারণার ফাঁদে পড়ে।
সেলাঙ্গর পুলিশের প্রধান দাতুক শাজেলি কাহার জানান, মে মাসে ওই নারী একটি ফোন কল পান, যেখানে এক ব্যক্তি নিজেকে ন্যাশনাল অ্যান্টি-ফাইন্যান্সিয়াল ক্রাইম সেন্টার (NFCC)-এর কর্মকর্তা পরিচয় দিয়ে জানান যে, তিনি অর্থপাচার মামলায় জড়িত। নারীকে জানানো হয়, তার সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে যদি তিনি সহযোগিতা না করেন।
এরপর আরেকজন প্রতারক নিজেকে “তদন্ত কর্মকর্তা” পরিচয় দিয়ে তাকে বলেন, নিজের সম্পদের হিসাব দিতে (“declare assets”) এবং নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে।
দাতুক শাজেলি বলেন, “জুন মাসে ওই নারীকে নির্দেশ দেওয়া হয় তার সমস্ত সঞ্চয় নতুন খোলা চারটি ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে এবং সব এটিএম কার্ড একটি খামে ভরে ইউএসজে এলাকার একটি মাঠে রেখে আসতে।”
সরকারি তদন্ত ভেবে নারীটি নির্দেশ অনুযায়ী কাজ করেন। পরে তার সন্তান বিষয়টি জানতে পেরে সন্দেহ প্রকাশ করলে তিনি বুঝতে পারেন, এটি ছিল একটি প্রতারণা। কিন্তু ততক্ষণে RM5,996,586.51 অর্থাৎ প্রায় ৬০ লাখ রিঙ্গিত তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে।
পুলিশ ঘটনাটি দণ্ডবিধির ৪২০ ধারায় (প্রতারণা) তদন্ত করছে।
দাতুক শাজেলি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “কোনো সরকারি সংস্থা ফোনের মাধ্যমে তদন্ত বা আর্থিক লেনদেন পরিচালনা করে না। সব সরকারি কার্যক্রম শুধুমাত্র পুলিশ স্টেশন বা সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি সম্পন্ন হয়।”
তিনি আরও বলেন, কেউ যেন কখনো ফোনে নিজের আইসি নম্বর, টিএসি, ওটিপি, পাসওয়ার্ড বা ব্যাংক তথ্য অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার না করেন।
জনগণকে অনুরোধ জানানো হয়েছে, সন্দেহজনক কল পেলে বা প্রতারণার শিকার হলে ন্যাশনাল স্ক্যাম রেসপন্স সেন্টার (NSRC)-এর ৯৯৭ নম্বরে যোগাযোগ করে যাচাই বা অভিযোগ জানানোর জন্য।
পুলিশের মতে, সাম্প্রতিক মাসগুলোতে এমন ফোন প্রতারণার ঘটনা বেড়েছে, যেখানে প্রতারকরা নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে বিশেষ করে প্রবীণ নাগরিকদের টার্গেট করছে।