মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নম। সিঙ্গাপুরের প্রেসিডেন্টের তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সোমবার কুয়ালালামপুরের সেন্ট রেজিস হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোহারি আবদুল গনি, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান এবং উদ্যোক্তা ও সমবায় উন্নয়নমন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং উপস্থিত ছিলেন। এ ছাড়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নম বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। এ সফরকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নম। মালয়েশিয়ায় তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে সোমবার ইস্তানা নেগারায় মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
সুলতান ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রেসিডেন্ট থারমান।
২০২৩ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই থারমান শানমুগারত্নমের প্রথম মালয়েশিয়া সফর। ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত চলা এ সফরের লক্ষ্য দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ। ২০২৪ সালে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের সিঙ্গাপুর সফরের প্রতিদান হিসেবেই এ সফরের আয়োজন করা হয়েছে।