সাভারের বিরুলিয়া এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের হাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্টুডেন্টস প্ল্যাটফর্ম’-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের মেঘনা ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন এবং হাতে প্ল্যাকার্ড ও ব্যানার তুলে ধরেন। তারা বলেন,
“দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে, অথচ প্রশাসন নীরব দর্শক। সাভারের ঘটনায় চিহ্নিত মাদক কারবারিদের নাম জানা সত্ত্বেও এখনো তাদের গ্রেপ্তার না করা প্রশাসনের ব্যর্থতা।”
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, সরকারের উদাসীনতা প্রমাণ করছে—জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ।
বক্তারা বলেন,
“জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা নতুন, ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আজ সেই স্বপ্ন থমকে গেছে। ধর্ষকদের ফাঁসি ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।”
মানববন্ধন ও জুতা নিক্ষেপ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বিইউপি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ধর্ষণবিরোধী জাতীয় আন্দোলনে যুক্ত হওয়ার ঘোষণা দেন।
সূত্র: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্টুডেন্টস প্ল্যাটফর্ম