মেক্সিকোতে দুই মৌসুমি ঝড় প্রিসিলা এবং রেমন্ডের আঘাতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত ৪৪ জন নিহত এবং ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (১২ অক্টোবর) দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানায়, ঝড়-বৃষ্টির কারণে মেক্সিকোর ভেরাক্রুজ, হিদালাগো, পুয়েবলা, কুয়েরেতারোসহ পাঁচটি রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য ভেরাক্রুজে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হিদালাগো রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৬ জন। এছাড়া পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঝড় রেমন্ডের প্রভাবে ৬ থেকে ৯ অক্টোবরের মধ্যে মেক্সিকোজুড়ে ভারী বর্ষণ হয়। শুধুমাত্র ভেরাক্রুজেই তিন দিনে ৫৪০ মিলিমিটার (২১ ইঞ্চিরও বেশি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
৯ অক্টোবরের পর ঝড় ও বৃষ্টির তীব্রতা কমলেও বিভিন্ন অঞ্চলে ভূমিধস, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়া, এবং বাড়িঘর ধসে পড়ার ঘটনা ঘটেছে। উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা।
দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে।
সূত্র: রয়টার্স