চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার জানিয়েছে, তারা ইসরায়েলের হাইফা শহরের শিল্প স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার প্রতিশোধ হিসেবে এই আঘাত হানা হয়েছে বলে তারা দাবি করেছে।
এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, তাদের মহাকাশ বাহিনীর সদস্যরা শত্রুপক্ষের হামলার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে। তাদের দাবি, হাইফার অনুরূপ শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আইআরজিসি আরও অভিযোগ করে, ইসরায়েল ইরানের বেসামরিক স্থাপনা ও তেল-শিল্পকে লক্ষ্যবস্তু করে একটি বিপজ্জনক পরিস্থিতির সূচনা করেছে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যদি এ ধরনের হামলা অব্যাহত থাকে, তাহলে তাদের প্রতিক্রিয়ার পরিধি মধ্যপ্রাচ্যের সব জ্বালানি-সম্পর্কিত স্থাপনা পর্যন্ত বিস্তৃত হতে পারে।
আইআরজিসি আরও বলেছে, এই অঞ্চলে যে অগ্নিসংযোগমূলক পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে বৈশ্বিক অর্থনীতিতে যে প্রভাব পড়বে, তার দায়ভার মূল উসকানিদাতা আমেরিকাকেই বহন করতে হবে।হাইফা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ বন্দর ও শিল্পনগরী, যেখানে তেল শোধনাগার, রাসায়নিক শিল্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে।