যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হারিকেন মেলিসার কারণে জ্যামাইকা ও কিউবায় ভয়াবহ বন্যা, ভূমিধস ও প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে। বর্তমানে ঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ মাইল (প্রায় ২২৫ কিলোমিটার), তবে জ্যামাইকায় পৌঁছে এটি আরও তীব্র হতে পারে।
আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাত বা মঙ্গলবার সকালে জ্যামাইকায় আঘাত হানতে পারে হারিকেন মেলিসা। এরপর মঙ্গলবার সন্ধ্যায় এটি কিউবার দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জ্যামাইকা জুড়ে প্রায় ৯০০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, “আমি সবাইকে এই আবহাওয়ার হুমকিকে গুরুত্ব সহকারে নেওয়ার অনুরোধ করছি। নিজেদের ও পরিবারের সুরক্ষায় সব প্রয়োজনীয় ব্যবস্থা নিন।”







