ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সদ্য শপথ নেওয়া সাবেক সেনা কর্মকর্তা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলমকে। স্বরাষ্ট্রের পাশাপাশি তাঁকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে আরও চার জন শপথ নেওয়ার পর কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনঃবণ্টন করা হয়েছে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। তার স্থলে লে. কর্নেল জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।

একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পরিষদে আসা নাহিস ইসলাম ও আসিফ মাহমুদ আগের মন্ত্রণালয়ের সঙ্গে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
এর মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই দুই জনই এখন থেকে দুটি করে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
উল্লেখ্য, গত ৮ আগস্ট ১৭ উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এদিকে শুক্রবার (১৬ আগস্ট) আরও চার উপদেষ্টা শপথ নিয়ে সরকারে যুক্ত হন।