কেনিয়া থেকে গৃহকর্মী নিয়োগের প্রক্রিয়া আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও নিরাপদ করতে দ্বিপক্ষীয় একটি চুক্তি সই করেছে সৌদি আরব ও কেনিয়া। নতুন এ চুক্তির মাধ্যমে শ্রমিকদের অধিকার সুরক্ষা জোরদার করার পাশাপাশি দুই দেশের মধ্যে শ্রমবাজার সংক্রান্ত সহযোগিতাও বাড়ানো হবে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে চুক্তিতে সই করেন দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের শ্রমবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আবুথনাইন এবং কেনিয়ার শ্রম ও সামাজিক সুরক্ষাবিষয়ক মন্ত্রিপরিষদ সচিব আলফ্রেড মুতুয়া।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান এবং কেনিয়ার প্রধান মন্ত্রিপরিষদ সচিব ও পররাষ্ট্র এবং প্রবাসীবিষয়ক মন্ত্রিপরিষদ সচিব মুসালিয়া মুদাভাদি।
সৌদি আরব-কেনিয়া রাজনৈতিক পরামর্শ কমিটির প্রথম বৈঠকের ফাঁকে এই চুক্তি সই হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি দুই দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের প্রতিফলন।
চুক্তি অনুযায়ী, কেনিয়ার গৃহকর্মীদের সৌদি আরবে নিয়োগ একটি নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় পরিচালিত হবে। এতে শ্রমিক ও নিয়োগকর্তা উভয় পক্ষের অধিকার ও স্বার্থ সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি, চুক্তিভিত্তিক কর্মসম্পর্ক জোরদার এবং ন্যায্য শ্রমনীতি নিশ্চিত করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
দুই দেশের কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ গৃহকর্মী নিয়োগ ব্যবস্থার সুশাসন উন্নত করবে, শ্রমশক্তির বৈধ ও নিরাপদ স্থানান্তর নিশ্চিত করবে এবং সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ খুঁজতে যাওয়া কেনিয়ার শ্রমিকদের জন্য আইনি সুরক্ষা আরও জোরদার করবে। পাশাপাশি সৌদি আরবের গৃহকর্মীর চাহিদা পূরণেও এটি সহায়ক হবে।
তাদের মতে, দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করা এবং কর্মসংস্থান ও জনশক্তি উন্নয়ন খাতে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের অভিন্ন অঙ্গীকারেরই প্রতিফলন এই চুক্তি।