রুশ জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে গুলি করার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক করা হয়েছে। তাকে ইতোমধ্যে রাশিয়ার কাছে প্রত্যর্পণ করেছে আমিরাতি কর্তৃপক্ষ। রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তা ও তদন্তকারীদের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা.
গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মস্কোর ভোলোকোলামস্ক মহাসড়কের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে গুলি করা হয়। দুর্বৃত্তরা সাইলেন্সারযুক্ত মাকারভ পিস্তল দিয়ে জেনারেলকে তিনবার গুলি করেয। গুলিবিদ্ধ আলেক্সেয়েভকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এখন তিনি চেতনা ফিরে পেয়েছেন এবং কথা বলতে পারছেন বলে জানিয়েছেন তার স্ত্রী।
রাশিয়ার শীর্ষ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এক বিবৃতিতে জানিয়েছে, লিউবোমির কোরবা নামের এক ব্যক্তিকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। রুশ তদন্তকারীদের দাবি, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা কোরবাকে এই হামলা চালানোর দায়িত্ব দেয়। রাশিয়া অভিযোগ করেছে, এই হামলার পেছনে ইউক্রেন রয়েছে। তবে কিয়েভ এ অভিযোগ অস্বীকার করেছে।
রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুখোশধারী এফএসবি কর্মকর্তারা চোখ বেঁধে এক ব্যক্তিকে রাশিয়ায় একটি ছোট বিমানের ভেতর থেকে নামিয়ে নিয়ে যাচ্ছেন।
এফএসবি জানিয়েছে, তারা আরও দুই সহযোগীকে শনাক্ত করেছে, সে দু’জনও রুশ নাগরিক। তাদের মধ্যে ভিক্টর ভাসিনকে মস্কোতে আটক করা হয়েছে, আর জিনাইদা সেরেব্রিতস্কায়া নামে আরেকজন ইউক্রেনে পালিয়ে গেছেন বলে রুশ তদন্তকারীরা জানিয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজনকে আটকে সহায়তা করায় সংযুক্ত আরব আমিরাতের নেতা শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কোরবাকে কীভাবে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংযুক্ত আরব আমিরাত।