ইপোহ: রয়েল মালয়েশিয়া পুলিশ দেশজুড়ে ভর্তুকিযুক্ত জ্বালানির অপব্যবহার ঠেকাতে পেরাক, কেদাহ ও পারলিসের ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে নজরদারি আরও জোরদার করেছে। এই অভিযান পরিচালিত হচ্ছে অপারেশন ‘ অপ তিরিশ ৪.০’-এর আওতায়।
পুলিশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিভাগ (JKDNKA)-এর তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে General Operations Force (GOF)-এর নর্দার্ন ব্রিগেড থেকে ৩ জন সিনিয়র কর্মকর্তা ও ৫৪ জন সদস্য মোতায়েন করা হয়েছে।
নর্দার্ন ব্রিগেডের কমান্ডার Balveer Singh Mahindar Singh জানান, মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে এই স্টেশনগুলো চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে পেরাকে ২টি, কেদাহে ৬টি এবং পারলিসে ৫টি স্টেশন রয়েছে।
তিনি বলেন, প্রতিদিন ভোর ৬টা ৩০ মিনিট থেকে শুরু করে স্টেশন বন্ধ হওয়া পর্যন্ত পালাক্রমে টানা নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনো ধরনের জ্বালানি পাচার বা অনিয়মের সুযোগ না থাকে।
সম্প্রতি ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া RON95 পেট্রোল সংক্রান্ত ‘Control of Supplies (Prohibition on Sale and Purchase of Controlled Goods) Regulations 2026’ এবং কন্টেইনারে ভর্তুকিযুক্ত জ্বালানি কেনাবেচার ওপর নতুন বিধিনিষেধ জারির পর এই অভিযান আরও জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ভর্তুকিযুক্ত জ্বালানি যেন শুধুমাত্র প্রকৃত সুবিধাভোগীদের কাছেই পৌঁছে এবং কোনোভাবেই তা পাচার বা অপব্যবহার না হয়।
একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করবে বলেও জানান তিনি।
সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।