নেগেরি সেম্বিলানের রাজ্য নির্বাচন হওয়া উচিত রাজ্যের ভবিষ্যৎ নিয়ে গণতান্ত্রিক প্রতিযোগিতা। ভোটের জন্য জাতিগত ও ধর্মীয় আবেগ উসকে দেওয়া, রাজপরিবারকে রাজনীতিতে টেনে আনা কিংবা অপপ্রচার চালানোর মঞ্চ হিসেবে নির্বাচনকে ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল।
রোববার (২৬ জুলাই) সেরেমবানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা হওয়া উচিত নীতি, অতীতের কর্মকাণ্ড এবং জনগণের সমস্যার বাস্তবসম্মত সমাধান নিয়ে।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের হাতে যখন দেওয়ার মতো কোনো ধারণা থাকে না, তখন তারা ঘৃণা ও বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করে। আর কোনো দল নিজেদের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী হলে তারা তথ্য ও অর্জনের ভিত্তিতে জনগণের কাছে সেই পরিকল্পনা তুলে ধরে।
ভোটাররা কীভাবে আরও বেশি বেতনের কর্মসংস্থান তৈরি হবে, তরুণেরা কীভাবে নিজেদের বাড়ির মালিক হতে পারবেন, জীবনযাত্রার ব্যয় কীভাবে কমানো হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল কীভাবে সবার কাছে পৌঁছাবে এসব প্রশ্নের উত্তর চান বলেও মন্তব্য করেন ফাহমি।
তিনি বলেন, উসকানিমূলক বক্তব্য নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে পারে না। এ কারণে পাকাতান হারাপান (পিএইচ) ঘৃণার পরিবর্তে মানুষের সামনে আশার বার্তা তুলে ধরছে।
নির্বাচনী প্রচারের বাকি সময়টুকুতে সব রাজনৈতিক দলকে নির্বাচন আইন মেনে চলার পাশাপাশি পরিণত ও তথ্যনির্ভর প্রচার চালানোর আহ্বান জানান ফাহমি।
আগামী ১ আগস্ট রাজ্যটির মানুষ বড় একটি সিদ্ধান্ত নেবেন উল্লেখ করে ফাহমি বলেন, সেই সিদ্ধান্ত হবে বিভাজনের রাজনীতির বিপরীতে ঐক্যের রাজনীতি, অপপ্রচারের বিপরীতে তথ্য এবং ঘৃণা উসকে দেওয়ার রাজনীতির বিপরীতে কার্যকর নেতৃত্ব বেছে নেওয়ার সিদ্ধান্ত।
সম্প্রতি জাতিগত মন্তব্যের বিষয়ে পারিকাতান ন্যাশনালের (পিএন) নির্বাচনী পরিচালক দাতুক সেরি মুহাম্মদ সানুসি মোহাম্মদ নূরকে মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) তলব করেছে কি না এমন প্রশ্নের জবাবে ফাহমি বলেন, কমিশনের সর্বশেষ তথ্য তিনি এখনো পাননি। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।
নির্বাচনী প্রচারে বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় নতুন আইন প্রয়োজন কি না, এমন প্রশ্নের জবাবে ফাহমি বলেন, বিদ্যমান আইনই যথেষ্ট। ২০২৩ সালের রাজ্য নির্বাচনেও সানুসির বক্তব্যের কারণে তাঁকে আদালতের মুখোমুখি হতে হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সামনে ৩১ আগস্ট জাতীয় দিবস এবং ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়া দিবস। এই সময়ে রাজ্যের প্রশাসক, নির্বাচিত জনপ্রতিনিধি এবং যারা ভবিষ্যতে জনপ্রতিনিধি হতে চান সবার উচিত জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলা, বিভাজন তৈরি করা নয়।
ভোটারদের ব্যালটের মাধ্যমে জাতিগত রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে ফাহমি বলেন, বহু জাতিগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে মালয়েশিয়াকে নিজেদের দেশ হিসেবে গড়ে তুলেছেন। জাতিগত রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের সাম্প্রতিক অবস্থানের কথাও উল্লেখ করেন তিনি।
নেগেরি সেম্বিলানের রাজ্য পরিষদের ৩৬টি আসনেই প্রার্থী দিয়েছে পাকাতান হারাপান। আগামী ১ আগস্ট রাজ্যটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।