ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই একাধিক রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন হাফিজ উদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন তিনি।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
রাষ্ট্রীয় কর্মসূচি শেষে তিনি বঙ্গভবনে ফিরে নিয়মিত দাফতরিক দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার দুপুরের মধ্যেই বঙ্গভবন ত্যাগ করবেন। এরপর তিনি গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে উঠবেন। এ উপলক্ষে সেখানে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।