মালয়েশিয়ায় বারিসান ন্যাশনাল (বিএন) ও পাকাতান হারাপান (পিএইচ)–এর সমন্বয়ে গঠিত ফেডারেল ঐক্য সরকার কোনো বাধ্যতামূলক রাজনৈতিক চুক্তির ভিত্তিতে তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন আমনোর সহসভাপতি মোহামেদ খালেদ । তাঁর মতে, দুই দলের মধ্যে মূলত ফেডারেল সরকার গঠনের বিষয়ে সমঝোতা হয়েছিল।
রোববার (২৬ জুলাই) পোর্ট ডিকসনে সেনাসদস্যদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সে সময় কী ঘটেছিল, আমরা সবাই তা ভালোভাবেই জানি। পরিস্থিতির কারণেই আমাদের একসঙ্গে কাজ করতে হয়েছিল। আমরা এ বিষয়ে একমত হয়েছিলাম, সরকার গঠন করেছিলাম এবং দেশের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
তিনি আরও বলেন, এখন আবার জনগণের সিদ্ধান্ত দেওয়ার সময় এসেছে। দেশের সেবা করার প্রত্যয় নিয়ে অনেক রাজনৈতিক দলই নিজেদের সামনে নিয়ে আসছে।
তাঁর এই বক্তব্য এমন সময় এল, যখন বিএন–পিএইচের মধ্যে ঐক্য সরকার গঠনের সহযোগিতার প্রসঙ্গ তুলে বিএনকে ‘অকৃতজ্ঞ’ বলে অভিযোগ করা হচ্ছে।
২০২২ সালের ১৫তম সাধারণ নির্বাচনের পর কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ওই নির্বাচনে পিএইচ ৮২টি এবং বিএন ৩০টি আসন পায়। পরে পিএইচ, বিএন, গাবুঙ্গান পার্টি সারাওয়াক (জিপিএস), গাগাসান রাকইয়াত সাবাহ (জিআরএস)সহ কয়েকটি দলকে নিয়ে ফেডারেল ঐক্য সরকার গঠিত হয়। অন্যদিকে, পেরিকাতান ন্যাশনাল (পিএন) সংসদে প্রধান বিরোধী জোট হিসেবে অবস্থান নেয়।