রিয়াদ: গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবারের ওই হামলায় চিকিৎসক, সাংবাদিক ও কর্মীরা নিহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, হাসপাতালের চতুর্থ তলায় টানা দুটি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সাংবাদিকও রয়েছেন।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নিয়ে এ ধরনের অপরাধ বন্ধ করার এবং চিকিৎসা, ত্রাণ ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায়।
এদিকে, সোমবার জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC)-এর মন্ত্রীপর্যায়ের বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ইসরায়েলের ধারাবাহিক লঙ্ঘন দুই-রাষ্ট্র সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টাকে গুরুতরভাবে বাধাগ্রস্ত করছে।