শিরোনাম :

কেদাহে তীব্র তাপপ্রবাহ, চার জেলায় লেভেল-টু সতর্কতা স্কুলে অনলাইন ক্লাস শুরু

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

কুয়ালালামপুর: মালয়েশিয়ার কেদাহ রাজ্যের চারটি জেলায় তীব্র তাপপ্রবাহ আঘাত হেনেছে। রোববার (২৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত দেশটির আবহাওয়া অধিদপ্তর (MetMalaysia) জানায়, কোটাসেতার, পোকক সেনা, পেনডাং ও বালিং জেলায় লেভেল-টু তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে।

লেভেল-টু সতর্কতার অর্থ হলো, টানা তিন দিন ধরে দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা ৩৭°C থেকে ৪০°C-এর মধ্যে অবস্থান করছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এছাড়া কেদাহর আরও কয়েকটি এলাকা বান্দার বাহারু, কুলিম, কুয়ালা মুদা, লাংকাউই, কুবাং পাসু, পেনডাং ও সিক লেভেল-ওয়ান সতর্কতায় রয়েছে, যেখানে তাপমাত্রা ৩৫°C থেকে ৩৭°C-এর মধ্যে রয়েছে।

শুধু কেদাহ নয়, পার্লিস রাজ্যের পুরো অঞ্চল, পেনাংয়ের উত্তর সেবেরাং পেরাই এবং পেরাকের কিন্তা, কুয়ালা কংসার ও হুলু পেরাক জেলাতেও লেভেল-ওয়ান তাপমাত্রা সতর্কতা জারি করা হয়েছে।

তীব্র গরমের প্রভাবে কেদাহ শিক্ষা বিভাগ কোটাসেতার ও পেনডাং জেলার সব স্কুলে তিন দিনের জন্য ঘরে বসে পাঠদান (PdPR) চালুর ঘোষণা দিয়েছে, যা রোববার থেকে কার্যকর হয়েছে।

এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে MetMalaysia-এর প্রতিবেদনের ভিত্তিতে, যেখানে উল্লেখ করা হয়েছে যে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে এই দুই জেলায় টানা তিন দিন লেভেল-টু তাপমাত্রা রেকর্ড হয়েছে।

এদিকে, কর্তৃপক্ষ সাধারণ জনগণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার, পর্যাপ্ত পানি পান করার এবং শিশু ও বয়স্কদের বিশেষভাবে যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে MetMalaysia এবং প্রয়োজনে নতুন করে সতর্কতা জারি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »