মেলাকা, ১০ সেপ্টেম্বর : মেলাকায় অনুষ্ঠিত ১৯তম ASEAN Ministerial Meeting on Transnational Crime (AMMTC) বৈঠকে আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসিয়ান মহাসচিব আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ঐক্যমতে পৌঁছেছেন।
মালয়েশিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আগামী এক দশকের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে এমন ASEAN Plan of Action in Combatting Transnational Crime (২০২৬–২০৩৫) অনুমোদিত হয়েছে। এ পরিকল্পনা জটিল হয়ে ওঠা নিরাপত্তা হুমকির মোকাবিলায় আসিয়ানের সম্মিলিত অঙ্গীকারকে প্রতিফলিত করে।
বৈঠকে আরও গৃহীত হয়েছে SOMTC Working Group on Anti-Money Laundering, যা আঞ্চলিক পর্যায়ে আর্থিক অপরাধ দমনে সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা উন্নত করতে ASEAN Border Management Cooperation Roadmap অনুমোদন করা হয়েছে।
এ ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে Melaka Declaration on Combatting Transnational Crime, এবং মানব পাচার, সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা মোকাবিলায় আসিয়ানের বিশেষ ঘোষণা। মন্ত্রীরা আরও তিনটি ASEAN Leaders’ Declaration অনুমোদন করেছেন, যা অর্থপাচার বিরোধী পদক্ষেপ, আন্তর্জাতিক অপরাধীদের প্রত্যর্পণ সহযোগিতা এবং খেলাধুলাকে সহিংস উগ্রপন্থার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপায় হিসেবে ব্যবহারের ওপর গুরুত্ব দেয়।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে ASEAN Plan of Action to Prevent and Counter the Rise of Radicalisation and Violent Extremism (২০১৮–২০২৫) এবং Bali Work Plan (২০১৯–২০২৫) ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হবে, যাতে উগ্রবাদ প্রতিরোধে সমন্বিত আঞ্চলিক প্রচেষ্টা অব্যাহত রাখা যায়।
এছাড়া বৈঠকে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর (UNODC), ASEAN Inter-Parliamentary Assembly (AIPA) এবং META–এর প্রতিনিধিরা আইনগত চ্যালেঞ্জ, আঞ্চলিক সহযোগিতা এবং ডিজিটাল প্রযুক্তি–সম্পর্কিত জটিলতা নিয়ে তাদের মতামত ভাগাভাগি করেন।
এই বৈঠকের মাধ্যমে কেবল গত এক দশকের সাফল্য মূল্যায়নই নয়, বরং আরও বিস্তৃত ও কার্যকর ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে। যা প্রমাণ করে আসিয়ান অঞ্চল আন্তঃদেশীয় অপরাধ দমনে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অটল।