জাকার্তা : টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ-অশান্তির পর শুক্রবার (৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার রাস্তাঘাট ছিল শান্ত, যখন দেশটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি পালন করছিল।
শিক্ষার্থী, শ্রমিক ও মানবাধিকার সংগঠনের নেতৃত্বে গত সপ্তাহে জাকার্তায় বিক্ষোভ শুরু হয় সংসদ সদস্যদের বাড়িভাড়া ভাতার বিরুদ্ধে। এক প্রতিবাদে পুলিশের গাড়ি মোটরসাইকেল চালককে চাপা দিয়ে হত্যা করার পর তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধিরা মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করে আইনপ্রণেতাদের ভাতা এবং পুলিশের কঠোর দমননীতি নিয়ে অভিযোগ তুলে ধরেন। এর আগে সপ্তাহের শুরুতে কিছু সংসদ সদস্যের সঙ্গে তাঁদের আলোচনা হলেও প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি বৈঠকের দাবি এখনো পূরণ হয়নি।
মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত এবং ১,০০০ জনের বেশি আহত হয়েছে। এদিকে কর্তৃপক্ষ দেশজুড়ে ৩,০০০-এরও বেশি মানুষকে আটক করেছে, জানিয়েছে নিউইয়র্কভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
শুক্রবারের সাময়িক শান্তি সত্ত্বেও বিক্ষোভকারীদের দাবির বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।