রিয়াদ: সৌদি রয়্যাল এয়ার ডিফেন্স ফোর্সেস (RSADF) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোর ফোর্ট ব্লিস ঘাঁটিতে কয়েক সপ্তাহের বিশেষায়িত প্রশিক্ষণ শেষে তৃতীয় ইউনিটকে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (THAAD) ব্যবস্থা পরিচালনার জন্য স্নাতক করেছে।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, অপারেশন ও রক্ষণাবেক্ষণ দলগুলো প্রযুক্তিগত ও অপারেশনাল প্রশিক্ষণ, যুদ্ধ সিমুলেশন এবং উন্নত ক্ষেত্র মহড়া সম্পন্ন করেছে। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়েছিল নির্মাতা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহযোগিতায়, যা একটি যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ।
বিশ্বের অন্যতম আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে THAAD সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি পূর্ণাঙ্গ THAAD ব্যাটারি সাধারণত ৯০ জন সৈন্য, ছয়টি ট্রাক-মাউন্টেড লঞ্চার, ৪৮টি ইন্টারসেপ্টর, রাডার ইউনিট এবং যোগাযোগ ব্যবস্থার সমন্বয়ে গঠিত।
চলতি বছরের জুলাই মাসে জেদ্দায় প্রথম THAAD ব্যাটারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে সৌদি আরব। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই প্রশিক্ষণ কর্মসূচি সৌদি ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সামরিক সক্ষমতা বৃদ্ধি ও যুদ্ধ প্রস্তুতি জোরদারের কৌশলের অংশ।
ভিশন ২০৩০-এর প্রতিরক্ষা শিল্পায়ন লক্ষ্যের অংশ হিসেবে সৌদি আরব এ বছর প্রথমবারের মতো THAAD সিস্টেমের কিছু যন্ত্রাংশ নিজ দেশে উৎপাদন করেছে। এ অর্জন ২০২৪ সালের রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডিফেন্স শো-তে স্বাক্ষরিত দুইটি চুক্তির পরিপ্রেক্ষিতে এসেছে। এর আগে ২০২২ সালের প্রতিরক্ষা প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্র কন্টেইনার ও লঞ্চ প্ল্যাটফর্ম উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
এই অগ্রগতি সৌদি আরবের প্রতিরক্ষা আধুনিকায়ন কর্মসূচির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করেছে।