কিয়েভ: ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর মুকাচেভোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ফ্লেক্স-এর একটি উৎপাদন কারখানা ধ্বংস হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শুরু হওয়া অগ্নিকাণ্ড ৩২ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে, পরে দমকল কর্মীরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কারখানাটি মূলত কফি মেশিন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য উৎপাদনের জন্য পরিচিত ছিল। তবে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকার কারণে ধারণা করা হচ্ছে, সেখানে পশ্চিমা সরবরাহকৃত অস্ত্র বা সামরিক সরঞ্জাম মজুত থাকতে পারে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, এটি ছিল “নির্ভুল হামলা” এবং কারখানাটি আসলে গোপন অস্ত্রাগারে পরিণত হয়েছিল। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, বড় ধরনের হতাহতের খবর নেই, তবে কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
মুকাচেভোতে এ হামলাকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার অন্যতম গভীর আঘাত হিসেবে দেখা হচ্ছে, যা চলমান যুদ্ধের নতুন কৌশলের ইঙ্গিত বহন করতে পারে।