মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের কন্যা এবং পিপলস জাস্টিস পার্টি (পিকেআর)-এর ভাইস প্রেসিডেন্ট নূরুল ইজ্জাহ আনোয়ার এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সাবেক উপদেষ্টা ও ক্ষমতাসীন একে পার্টির শীর্ষস্থানীয় নেতা ড. ইয়াসিন আকতাইকে ঘিরে ২৭ তারিখ রাতে ঢাকার একটি অভিজাত হোটেলে এক বিশেষ ডিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং মুসলিম ঐতিহ্য ও মূল্যবোধকে সমুন্নত রেখে আধুনিক রাষ্ট্র পরিচালনার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতা, নীতিনির্ধারণী দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের নানা দিক উঠে আসে।

নূরুল ইজ্জাহ আনোয়ার ও ইয়াসিন আকতাই তাঁদের বক্তব্যে মুসলিম বিশ্বের নেতৃত্বে নৈতিকতা, উদারতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির গুরুত্বের ওপর জোর দেন। তাঁরা উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে মালয়েশিয়া ও তুরস্কের পাশাপাশি দক্ষিণ এশিয়ার কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব, নীতি-নির্ধারক ও বিশ্লেষকরাও উপস্থিত ছিলেন, যা আলোচনাকে আরও সমৃদ্ধ করেছে। অংশগ্রহণকারীদের মতে, এই বৈঠক ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
এই ডিনার সভা প্রমাণ করেছে, রাজনীতি শুধু ক্ষমতা ও শাসনের জন্য নয়, বরং মূল্যবোধ, সংস্কৃতি এবং মানবিক নেতৃত্বের সমন্বয়ের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।