প্রথমবারের মতো বড় পর্দায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক তুলে ধরা হচ্ছে কলকাতায়। আবদুল আলিমের পরিচালনায় সিনেমায় নজরুলের চরিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা কিঞ্জল নন্দ। সিনেমায় তুলে ধরা হবে কবির শৈশব থেকে শেষ দিন পর্যন্ত নজরুলের জীবনের নানা দিক। থাকবে অনেক জানা–অজানা কথা।

ছবির নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। গল্পে থাকবে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিও। টালিগঞ্জে এটি নির্মাণ হবে। বাংলাদেশ ও কলকাতার বেশকিছু লোকেশনে হবে শুটিং। আসছে শীতেই ছবির শুটিং শুরু হবে।
জানা গেছে, এ ছবিতে শেরে বাংলা ফজলুল হকের ভূমিকায় অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়, বিরজা সুন্দরী দেবীর ভূমিকায় কাঞ্চনা মৈত্র। বাংলাদেশ থেকে যাবেন ফজলুর রহমান বাবু। তিনি অভিনয় করবেন আলি আকবর খানের ভূমিকায়।
আরও অভিনয় করবেন নলিনীকান্ত সরকার, অর্চিতা স্পর্শিয়া, শান্তিলাল মুখোপাধ্যায়সহ অনেক। এই বায়োপিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে রঞ্জিত মল্লিক অথবা চিরঞ্জিৎ চক্রবর্তীর নাম ভাবা হচ্ছে। ছবিটি প্রযোজনা করছেন জেবি প্রোডাকসন। সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন জয় সরকার।
উল্লেখ্য, গত বছর কাজী নজরুলের ‘লৌহ কপাট’ গান নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। ‘পিপ্পা’সিরিজের ব্যবহার করা হয়েছিল গানটি। তার সুর বদলেছিলেন এ আর রহমান। তাতেই সমালোচনার ঝড় বয়ে যায়। কাজী পরিবারের পাশাপাশি কলকাতার একাধিক শিল্পী এর বিরুদ্ধে সোচ্চার হন। অবশেষে সিরিজের পুরো টিমের পক্ষ থেকে গানের সুর পরিবর্তনের জন্য ক্ষমা চাওয়া হয়। তবে সিনেমার ক্ষেত্রে এমন কিছু হবে না বলেই আশা করছেন সিনেপ্রেমীরা।