২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সাবেক পৌর কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত তৎকালীন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করে জানায়, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে রোববার টেকনাফের একরামুল হক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। ওই অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় সে সময় চট্টগ্রামভিত্তিক র্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনকারী মিফতাহ উদ্দিন আহমেদের নামও রয়েছে। সে সময় কক্সবাজার র্যাব-৭-এর অধীনেই ছিল।
আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাত্র একদিনের মাথায় সেনাবাহিনী মিফতাহ উদ্দিনকে হেফাজতে নেয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন সাবেক পৌর কাউন্সিলর ও তৎকালীন উপজেলা যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি একরামুল হক। ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে, ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় যে দুই বাংলাদেশি কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তাদের একজন ছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং অন্যজন ছিলেন মিফতাহ উদ্দিন আহমেদ। সর্বশেষ তিনি বরিশাল সেনানিবাসে স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।