পুত্রাজায়া : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মসজিদ পুত্রতে হাজারো মুসল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন। পুরো পরিবেশ ছিল সরলতা, সম্প্রীতি এবং মহান আল্লাহর প্রতি গভীর তাকওয়া ও আত্মিক অনুভূতিতে পরিপূর্ণ।
নামাজের আগে মুসল্লিরা সম্মিলিতভাবে ঈদুল আজহার তাকবির ধ্বনি উচ্চারণ করেন। পরে “ত্যাগে চাই আন্তরিকতা” শীর্ষক খুতবায় বলা হয়, প্রকৃত কোরবানি শুধু সম্পদ বা শারীরিক শ্রমে সীমাবদ্ধ নয়; বরং অহংকার, আত্মগর্ব, ঘৃণা এবং আল্লাহর রহমত ও সন্তুষ্টি থেকে দূরে সরিয়ে দেয়, এমন সব নেতিবাচক বৈশিষ্ট্য ত্যাগ করাও প্রকৃত আত্মত্যাগের অংশ।
খুতবায় মুসল্লিদের পারস্পরিক ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করা, মানবতার প্রতি সহমর্মিতা ও দয়া বৃদ্ধি এবং ত্যাগের চেতনাকে ভিত্তি করে ঐক্যবদ্ধ, নৈতিক ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
নামাজ শেষে প্রধানমন্ত্রী মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়, শুভেচ্ছা আদান-প্রদান এবং ছবি তোলায় অংশ নেন। ঈদের আনন্দঘন এই মুহূর্ত সবাইকে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে তোলে।
আনোয়ার ইব্রাহিম আশা প্রকাশ করেন, এবারের ঈদুল আজহা সবার ঈমান ও তাকওয়া আরও মজবুত করবে, পারস্পরিক ভ্রাতৃত্ব বৃদ্ধি করবে এবং জীবনের প্রতিটি কাজে ত্যাগ ও আন্তরিকতার চেতনা জাগ্রত করবে।