জর্জ টাউন: বৈশ্বিক অর্থনীতির অনিশ্চিত পরিস্থিতির মধ্যে মালয়েশিয়ার উদ্যোক্তা উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় চলতি বছরে ২০ মিলিয়ন রিঙ্গিত সাশ্রয়ের লক্ষ্য নিয়েছে। মন্ত্রণালয়ের মন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং জানান, ২০২৬ সালের বাজেট পুনর্বিন্যাসে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ব্যয় কমানোর এই উদ্যোগ মূলত সরকারি পরিচালন খাতে সীমাবদ্ধ থাকবে, জনকল্যাণ বা উন্নয়ন ব্যয়ে কোনো কাটছাঁট করা হবে না। বড় আকারের অনুষ্ঠান কমানো, বিদেশ সফর সীমিত করা (মন্ত্রী পর্যায়সহ), নতুন নিয়োগ সাময়িকভাবে বন্ধ রাখা এবং সম্পদ ক্রয় কমানো, এসব খাতে ব্যয় কমানো হবে।
রবিবার (৩ মে) পেনাংয়ের পুলাউ টিকুস পাবলিক মার্কেটে মুখ্যমন্ত্রী চৌ কন ইয়োর সঙ্গে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিম আরও বলেন, বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হওয়া, জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংঘাতের মতো কারণে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে, ভর্তুকি, ব্যবসা উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি চালিয়ে যেতে যথেষ্ট আর্থিক সক্ষমতা ধরে রাখা, যাতে অর্থনীতি ও ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব কম পড়ে।
তিনি জানান, মন্ত্রণালয় এ বছর ব্যবসা খাত, বিশেষ করে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (MSME) সহায়তায় সর্বোচ্চ ১৫ বিলিয়ন রিঙ্গিত অর্থায়ন অব্যাহত রাখবে। পাশাপাশি ৭৫০ মিলিয়ন রিঙ্গিত উন্নয়ন ব্যয়েও কোনো কাটছাঁট করা হবে না।
“এই ব্যয় সংকোচন সরকারের জন্য, জনগণের জন্য নয়। জনগণ ও দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে আমরা উন্নয়ন ও কল্যাণ খাতে বরাদ্দ অব্যাহত রাখব,” বলেন তিনি।
এর আগে ৩০ এপ্রিল এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালের বাজেট অনুযায়ী মৌলিক সেবা, নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ অপরিবর্তিত থাকবে। ব্যয় সমন্বয়ের নির্দেশনা শুধুমাত্র অ-গুরুত্বপূর্ণ পরিচালন খাতে প্রযোজ্য হবে।