সিঙ্গাপুর, ২১ সেপ্টেম্বর : সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (CNB) কর্তৃক ওয়ান্টেড এক ব্যক্তিকে শনিবার (২০ সেপ্টেম্বর) পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে সন্দেহভাজন মাদকদ্রব্য, মাদক সেবনের সরঞ্জাম ও একটি ই-ভ্যাপরাইজার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল প্রায় ১১টা ৩০ মিনিটে উবি অ্যাভিনিউ ৩–এ সন্দেহজনক আচরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টহল দল। সেখানে তারা এক ব্যক্তিকে শার্টবিহীন অবস্থায় গাড়ির পাশে বসে থাকতে দেখে। এসময় ওই ব্যক্তি কোলের মধ্যে একটি কুকুর ধরে ছিলেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া পরিচয় দেন। তবে পরবর্তীতে তার প্রকৃত পরিচয় শনাক্ত হলে জানা যায় তিনি CNB–র ওয়ান্টেড তালিকাভুক্ত। তল্লাশিতে তার কাছ থেকে সন্দেহভাজন মাদক, মাদক সেবনের সরঞ্জাম, একটি ই-ভ্যাপরাইজার এবং অন্যের নামে ইস্যু করা একটি ব্যাংক কার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের সময় তিনি চরম প্রতিরোধ করেন এবং পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে কামড়ানোর চেষ্টা করেন। পুলিশ জানায়, তাকে নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় বলপ্রয়োগ করতে হয়েছে।
এই ঘটনায় তাকে সরকারি কর্মচারীর ওপর বলপ্রয়োগ, ভুয়া পরিচয় দেওয়া, সন্দেহজনক সম্পত্তি রাখার অভিযোগ এবং মাদক সংশ্লিষ্ট অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। মাদক সংশ্লিষ্ট অভিযোগ CNB–তে হস্তান্তর করা হয়েছে এবং ই-ভ্যাপরাইজার সংক্রান্ত অভিযোগ স্বাস্থ্য বিজ্ঞান কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
তদন্ত চলছে।