রিয়াজান: রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি কারখানায় গত সপ্তাহে ঘটে যাওয়া রহস্যজনক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আরও ১৩৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় জরুরি সেবাদানকারী কর্তৃপক্ষ সোমবার নিশ্চিত করেছে।
কারখানাটি মস্কোর দক্ষিণ-পূর্বে অবস্থিত। রিয়াজানের গভর্নর পাভেল মালকভ শুক্রবার জানিয়েছেন, বিস্ফোরণের সূত্রপাত হয় কারখানার ভেতরের একটি ওয়ার্কশপে হঠাৎ আগুন লাগার কারণে। তবে আগুন কীভাবে লেগেছে বা কারখানায় ঠিক কী উৎপাদন হতো, সে বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
স্থানীয় জরুরি সেবাদানকারী সংস্থা টেলিগ্রামে জানিয়েছে, “১৮ আগস্ট পর্যন্ত এই জরুরি পরিস্থিতিতে ২০ জন নিহত হয়েছেন। আহত ১৩৪ জনের মধ্যে ৩১ জন রিয়াজান ও মস্কোর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, আর ১০৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।”
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা আহতদের সুরক্ষা এবং চিকিৎসায় তৎপর। বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে।