লন্ডন: ফিলিস্তিনি শিশুদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ভিসা দেওয়ার প্রক্রিয়া হঠাৎ স্থগিত করায় গভীর উদ্বেগ জানিয়েছে মার্কিনভিত্তিক মানবিক সংস্থা হিল প্যালেস্টাইন।
সংস্থাটি জানায়, তারা গুরুতর অসুস্থ ফিলিস্তিনি শিশুদের যুক্তরাষ্ট্রে এনে বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করে থাকে। চিকিৎসা শেষ হলে শিশু ও তাদের পরিবার আবার মধ্যপ্রাচ্যে ফিরে যায়।
“এটি একটি চিকিৎসা সহায়তা কর্মসূচি, কোনো শরণার্থী পুনর্বাসন প্রকল্প নয়,” সংস্থার বিবৃতিতে বলা হয়েছে।
ভিসা স্থগিতের সিদ্ধান্ত আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ডানপন্থী কর্মী লরা লুমারের বৈঠকের পর। লুমার নিজেকে “গর্বিত ইসলামবিদ্বেষী” হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন, চিকিৎসা ভিসাকে “ইসলামি অনুপ্রবেশকারীরা” ব্যবহার করতে পারে।
রুবিও পরে সিবিএস টেলিভিশনকে বলেন, কংগ্রেসের কয়েকটি দপ্তর ভিসা বিষয়ে উদ্বেগ জানিয়েছিল এবং কিছু সংগঠনকে হামাস-সংশ্লিষ্ট বলে অভিযোগ করেছে।
হিল প্যালেস্টাইন-এর প্রতিষ্ঠাতা স্টিভ সোসবি এর আগে প্যালেস্টিনিয়ান চিলড্রেনস রিলিফ ফান্ড (PCRF) প্রতিষ্ঠা করেছিলেন। এই সংস্থা দুই বছরের শিশু রাহাফ সাঈদকে যুক্তরাষ্ট্রে এনে কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করে জাতীয় পর্যায়ে আলোচনায় আসে। রাহাফ পরে জনপ্রিয় ইউটিউব তারকা মিস র্যাচেল-এর সঙ্গে গান গেয়ে ভাইরাল হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে:
“গাজা থেকে আগত সব দর্শনার্থী ভিসা আপাতত স্থগিত রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেওয়া অল্প কিছু মেডিকেল-মানবিক ভিসার প্রক্রিয়া ও নিরাপত্তা যাচাইয়ের জন্য এই সিদ্ধান্ত।”
লুমার সামাজিক মাধ্যমে স্টিভ সোসবিকে হামাসের সাথে সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন। তার দাবি—সোসবি গাজায় ধ্বংসপ্রাপ্ত একটি হাসপাতাল পুনরায় চালু করার চেষ্টা করেছিলেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেস সদস্য চার্লস রয় (টেক্সাস) এবং র্যান্ডি ফাইন (ফ্লোরিডা) লুমারকে অভিনন্দন জানিয়েছেন।
তবে মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তকে “গুরুতর মানবিক সংকটের ঝুঁকি” বলে আখ্যা দিয়েছে এবং বলেছে, এর ফলে জীবন-রক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারে অসংখ্য ফিলিস্তিনি শিশু।