কুয়ালালামপুর: মালয়েশিয়ার রাজা, মহামান্য সুলতান ইব্রাহিম, ৫ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত রাশিয়ায় একটি ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর করবেন। এই সফরটি অনুষ্ঠিত হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে।
শনিবার ইস্তানা নেগারা (রাজপ্রাসাদ) এক বিবৃতিতে জানায়, মালয়েশিয়া ও রাশিয়ার মধ্যে ১৯৬৭ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো মালয়েশিয়ান রাষ্ট্রপ্রধান রাশিয়ায় রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, “এই সফর মালয়েশিয়ার পররাষ্ট্র নীতিতে রাজতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিফলন ঘটায়।”
সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি বাণিজ্য, উচ্চশিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন খাতে নতুন সহযোগিতার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
মস্কোতে মহামান্য সুলতান ইব্রাহিমকে রাষ্ট্রীয় সম্মাননা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে ক্রেমলিন প্রাসাদে। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং রাজাকে সম্মানে রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হবে।
মস্কো সফরের অংশ হিসেবে রাজা সুলতান ইব্রাহিম সেন্ট্রাল সায়েন্টিফিক রিসার্চ অটোমোবাইল অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিন ইনস্টিটিউট (NAMI) এবং Tochka Kipeniya প্রযুক্তি ও উদ্ভাবন হাব পরিদর্শন করবেন।
মস্কোতে আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ৮ আগস্ট রাজা তাতারস্তানের রাজধানী কাজানে সফর করবেন। তাতারস্থান হলো রাশিয়ার একটি স্বশাসিত প্রজাতন্ত্র, যার বেশিরভাগ জনসংখ্যাই মুসলিম।
কাজানে রাজা তাতারস্তানের প্রধান (Rais) রুস্তাম মিনিখানোভের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং স্থানীয় একটি হেলিকপ্টার নির্মাণ ও সংযোজন কারখানা পরিদর্শন করবেন।
২০২৫ সালে আসিয়ান চেয়ারম্যানশিপ গ্রহণ করতে যাওয়া মালয়েশিয়া এই সফরের মাধ্যমে রাশিয়ার সঙ্গে কৌশলগত আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে চায়, বিশেষ করে যেহেতু রাশিয়া ১৯৯৬ সাল থেকে আসিয়ানের ডায়ালগ পার্টনার।
এই সফর মালয়েশিয়ার বৈশ্বিক কূটনীতিকে আরও সম্প্রসারিত করতে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।