ভূমিধস ও আকস্মিক বন্যার ফলে গত দুই দিনে ভারতের উত্তর-পূর্বে কমপক্ষে ৩০ জন মারা গেছেন। শনিবার (৩১ মে) একদিনেই ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর এবং মিজোরামে ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আসামের ১২টি জেলায় কমপক্ষে ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাজ্যটিতে পাঁচজন এবং অরুণাচল প্রদেশে নয়জন নিহত। অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায় ভূমিধসের ফলে একটি গাড়ি রাস্তা থেকে ভেসে যাওয়ার ফলে দুই পরিবারের সাতজন নিহত হয়েছেন।
এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস আসামের কিছু অংশের জন্য লাল ও কমলা সতর্কতা এবং উত্তর-পূর্বের বাকি অংশের জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে কামরূপ মেট্রোপলিটন জেলা থেকে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া জানিয়েছেন যে গুয়াহাটির উপকণ্ঠে বোন্ডা এলাকায় ভূমিধসে তিন নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে অরুণাচল প্রদেশের বানা এবং সেপ্পার মধ্যবর্তী জাতীয় সড়ক-১৩-এর পাশে একটি ভূমিধসে একটি ব্রেজা গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ার পর সাতজন প্রাণ হারিয়েছেন। গাড়িটিতে দুই পরিবারের সদস্যরা ছিলেন। দুর্ঘটনাস্থলে উপস্থিত পরিবারের সদস্যরা নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।