প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগিয়ে সেটির পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একটি সবুজ ও সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি চারা রোপণের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গণ বা বাড়ির আশপাশে যেখানে সম্ভব গাছ লাগিয়ে যত্ন নেওয়ার আহ্বান জানান।
‘গ্রিন স্কুল’ উদ্যোগের আওতায় শুরু হওয়া এ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও শিক্ষকরা ভার্চুয়ালি অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই হবে না, পরিবেশ সম্পর্কে জানতে হবে। তিনি শিক্ষার্থীদের ইন্টারনেটসহ বিভিন্ন উৎস থেকে তারা যে গাছ লাগাবে, তার প্রজাতি, আয়ুষ্কাল, কতটুকু অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের জন্য এর উপকারিতা সম্পর্কে জানার পরামর্শ দেন।
তারেক রহমান বলেন, এতে শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। ভবিষ্যতে তারা নিজেদের লাগানো গাছের ছায়া ও শীতল পরিবেশও উপভোগ করতে পারবে।
দেশজুড়ে সবুজায়ন আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য একটি আরও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এই কর্মসূচির আওতায় দেশের ৬৪ হাজার ৫৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে তিনটি করে মোট ১ লাখ ৯৩ হাজার ৭৬১টি চারা রোপণ করা হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে ৯১৫টি বিদ্যালয় এ কর্মসূচিতে অংশ নিতে পারেনি।
সরকার আগামী পাঁচ বছরে ‘গ্রিন স্কুল’ উদ্যোগের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় এক কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার প্রাথমিক শিক্ষার বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রদর্শনীরও আয়োজন করা হয়। সেখানে স্কুল ফিডিং, আনন্দময় শিক্ষা, ডিজিটাল শিক্ষা, ফাউন্ডেশনাল লার্নিং (এফএলএন) এবং অন্যান্য শিক্ষা কার্যক্রম প্রদর্শিত হয়।