পুত্রজায়া, ৯ অক্টোবর : মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (Jabatan Imigresen Malaysia – JIM) এক বিশেষ অভিযানে এক অবৈধ ইমিগ্রেশন এজেন্টকে গ্রেপ্তার করেছে। গত ৭ অক্টোবর বিকেল ৪টা ১০ মিনিটে পুত্রজায়া এলাকায় পরিচালিত এই অভিযানে ইমিগ্রেশনের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখার কর্মকর্তারা অংশ নেন।
দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর, অভিযানে এক মালয়েশিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮টি ভারতীয় পাসপোর্ট, একটি মোবাইল ফোন এবং একটি Honda CRV গাড়ি জব্দ করা হয়, যা তার অবৈধ কার্যক্রমে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।
ইমিগ্রেশনের তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তি নিজেকে ইমিগ্রেশন সংক্রান্ত “এজেন্ট” হিসেবে পরিচয় দিয়ে বিশেষ পাস (Pas Khas) এবং পেশাগত ভ্রমণ পাস (Pas Lawatan Ikhtisas – PLIK) পাওয়ার নামে ভারতীয় নাগরিকদের কাছ থেকে অর্থ আদায় করতো। এসব সেবার জন্য সে প্রতি ব্যক্তির কাছ থেকে RM400 থেকে RM1,500 পর্যন্ত নিত।
তদন্তে আরও জানা গেছে, ওই ব্যক্তি ২০২৪ সালেও একই ধরনের অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন এবং তখনও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবারও তাকে Passport Act 1966-এর ধারা 12(1)(f) অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে। এছাড়া, এক মালয়েশিয়ান নাগরিককে তদন্তে সহায়তার জন্য উপস্থিত থাকার নোটিশ দেওয়া হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতো’ জাকারিয়া বিন শা’আবান জানান,
“দেশের আইন ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। যে কোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, যা সরকারের MADANI নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।”
JIM কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভবিষ্যতেও এ ধরনের অবৈধ ইমিগ্রেশন কার্যক্রম দমনে ধারাবাহিক অভিযান চালিয়ে যাবে, যাতে দেশের নিরাপত্তা ও সুনাম অক্ষুণ্ণ থাকে।