২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের পর্দা নেমেছে আজ। প্রতিযোগিতার শেষ দিনে বাংলাদেশ দিয়েছে দারুণ সাফল্যের খবর। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। এছাড়া কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ পদক জিতেছেন কুলসুম আক্তার মনি।
দেশের এই তিন পদকজয়ীকে প্রতি জনকে ১০ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “বিশ্বের অন্যতম জনবহুল দেশ হয়েও অলিম্পিকে এখনো আমাদের গোল্ড নেই। আশা করি, আর্চারিতেই বাংলাদেশ একদিন সেই স্বপ্ন পূরণ করবে।”
আর্চারদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দিয়ে উপদেষ্টা আরও জানান, এ ধরনের উৎসাহমূলক পুরস্কার ভবিষ্যতে আরও নিয়মিত করা হবে।
পুরস্কার ঘোষণায় আনন্দ প্রকাশ করে বন্যা আক্তার বলেন, “এটা আমাদের মনোযোগ, পরিশ্রম আর আগ্রহ আরও বাড়িয়ে দেবে। দেশের হয়ে আরও বড় কিছু করার প্রেরণা পাব।”