মস্কো: ক্রেমলিন দাবি করেছে যে ইউক্রেন যুদ্ধ এখন “নতুন এক পর্যায়ে” প্রবেশ করেছে, এবং কিয়েভের সেনাবাহিনীর বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর “অমানবিক সন্ত্রাসমূলক কর্মকাণ্ড” চালানোর অভিযোগ তুলেছে।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেন। তিনি বলেন, ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার সাম্প্রতিক রাতের হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ প্রতিক্রিয়া জানান। ওই হামলায় অন্তত ১৭ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
রাশিয়া জানিয়েছে, তাদের সর্বশেষ হামলাগুলো ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে পরিচালিত হয়েছে। মস্কোর দাবি, এটি গত মাসে রুশ নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় লুহানস্কে একটি ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলার জবাব, যেখানে ২১ জন নিহত হয়েছিল। তবে ইউক্রেন ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ড্রোন কমান্ড সেন্টার লক্ষ্য করেছিল, কোনো বেসামরিক স্থাপনা নয়।
পেসকভ বলেন, যদি কিয়েভ ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে, তাহলে এটি যুদ্ধের “সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা বা নতুন পর্যায়” নির্দেশ করে।
তিনি আরও জানান, রাশিয়া কিয়েভসহ বিভিন্ন শহরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে এবং শান্তি প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে। তবে তিনি বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে, যারা সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগে যুক্ত রয়েছে।
ক্রেমলিনের অবস্থান পুনর্ব্যক্ত করে পেসকভ বলেন, রাশিয়া শান্তি আলোচনায় প্রস্তুত, তবে ইউক্রেন যদি ২০২২ সালে রাশিয়ার দাবি করা চারটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে, তাহলে যুদ্ধ দ্রুতই শেষ হতে পারে—যা কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা একতরফা দখল হিসেবে প্রত্যাখ্যান করেছে।