তেহরান: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের ক্বালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান সংঘাতে বিজয় অর্জন করতে পারলে ইরান বিশ্বমঞ্চে একটি শক্তিশালী ও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হবে।
বুধবার প্রকাশিত এক অডিও বার্তায় ক্বালিবাফ বলেন, এই যুদ্ধে চূড়ান্ত বিজয় ইরানের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি বলেন, “এই যুদ্ধে বিজয় ইরানকে আন্তর্জাতিক ব্যবস্থায় একটি বড় শক্তিতে পরিণত করবে। এর ফলে দেশের আধ্যাত্মিক ও বস্তুগত অগ্রগতির পথ উন্মুক্ত হবে।”
ক্বালিবাফ স্বীকার করেন, চলমান সংঘাত ও অর্থনৈতিক চাপ সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এই কঠিন সময়ে জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতাই সবচেয়ে বেশি প্রয়োজন।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“এখনই সময় সবাই একসঙ্গে কাজ করার, আমাদের প্রিয় ইরানের জন্য গৌরব ও সফলতা অর্জনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার। এই লক্ষ্য অর্জনে ত্যাগ স্বীকার করতেই হবে।”
স্পিকার ক্বালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে ইরানের জনগণের ওপর চাপ সৃষ্টি করছে, যাতে তারা নিজেদের সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়।
তবে তিনি দাবি করেন, ইরানের জনগণ সবসময়ই চাপ মোকাবিলা করে নিজেদের দেশ ও বিশ্বাস রক্ষায় সক্ষমতা দেখিয়েছে।
ক্বালিবাফ আরও জানান, গত ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে। এই আলোচনা ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের পর পরিস্থিতি শান্ত করার উদ্যোগের অংশ ছিল।
তবে ইরানের অভিযোগ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের “অতিরিক্ত কঠোর” শর্তের কারণে আলোচনা সফল হয়নি।
বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক চাপ ও যুদ্ধের প্রভাব থাকলেও, ক্বালিবাফ আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন—ঐক্য ও ধৈর্য ধরে রাখতে পারলে ইরান এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।