আলোর সেতার: কেদাহে টানা বর্ষণে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। পানিতে ডুবে গেছে কুবাং পাশু জেলার চাংলুন থানা এবং পদাং তেরাপ জেলার পদাং সানাই থানা, ফলে উভয় থানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
কুবাং পাশু জেলা পুলিশ সোমবার (২৪ নভেম্বর) তাদের সরকারি ফেসবুক পেজে জানায়, চাংলুন থানায় পানি উঠতে থাকায় থানাটি অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রয়োজনীয় পুলিশ সেবা বা অভিযোগ দায়ের করতে চাইলে নিকটস্থ বুকিত কায়ু হিতাম থানা বা অন্যান্য নিকটবর্তী থানায় যেতে হবে।
অন্যদিকে, বন্যাবির্ত পরিস্থিতির কারণে কোদিয়াং–পদাং সেরা সড়ক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে কাম্পুং মেরিবুত থেকে পদাং সেরা জংশন পর্যন্ত কোনও যান চলাচল করছে না।
চালকদের বিকল্প রুট হিসেবে কাম্পুং মেরিবুত–কাম্পুং পেরিং কাম্পুং কুবাং মেনেরং–নাপোহ সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া নাপোহ ওয়াং পেরাহ সড়কও হালকা যানবাহনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, কেএম ০.৫ থেকে কেএম ১.৫ পর্যন্ত এলাকায়, যা কাম্পুং জেরাগান, কাম্পুং কুবাং বেটং এবং কাম্পুং বুকিতের নিকটে অবস্থিত।
পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টার মধ্যে বন্যার পানি ৬০ সেন্টিমিটার (প্রায় দুই ফুট) পর্যন্ত উঠে গেছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
সড়ক ব্যবহারকারীদের জালান কাম্পুং বেলুকার কাম্পুং পদাং পাঞ্জাং কাম্পুং পেরিক রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
অবিরাম বৃষ্টি অব্যাহত থাকায় স্থানীয় প্রশাসন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।