মেমবাকুত: গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (ISF)-তে যোগদানের বিষয়ে মালয়েশিয়া যেকোনো আমন্ত্রণ পেলে তা অত্যন্ত সতর্কতা ও গভীরভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহামাদ হাসান।
মোহামাদ বলেন, ISF প্রচলিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মতো নয়, বরং এটি একটি ভিন্ন ধরনের স্থিতিশীলতা বাহিনী, যার নিজস্ব শর্ত ও কার্যক্রম কাঠামো রয়েছে।
“ISF জাতিসংঘ অনুমোদিত সাধারণ শান্তিরক্ষী বাহিনীর মতো নয়। এর নিজস্ব ম্যান্ডেট, সম্পৃক্ততার নিয়ম এবং গাজার নিরস্ত্রীকরণে সহায়তার মতো বিশেষ দায়িত্ব রয়েছে,” তিনি বলেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) মেমবাকুত আসনের বিনসুলোক জেলা ভোটকেন্দ্রে বারিসান ন্যাশনাল জোটের নির্বাচনী টিমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মোহামাদ জানান, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মালয়েশিয়া অত্যন্ত সতর্ক পদ্ধতি গ্রহণ করবে।
“আমি বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করব। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাইনি। সংবাদ অনুসারে, বর্তমানে ISF পরিচালনায় মিশর, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যুক্ত রয়েছে,” তিনি বলেন।
তিনি আরও জানান যে ISF এর কার্যপরিধি বা শর্তাবলী এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
“আমরা শর্তগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করব এবং অন্যান্য দেশের মতামত নেব। আমি ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) এবং আরব লীগের অংশীদারদের সঙ্গে আলোচনা করতে চাই,” তিনি বলেন।
চলতি বছর আসিয়ান চেয়ার হিসেবে মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য সদস্য দেশের মতামতও গ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন।
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি স্থিতিশীল করতে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব অনুমোদন করেছে।